বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ভোলায় প্রতিমন্ত্রী আমিনুল হক

মঞ্জুর আলম।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, একটি মহল ও আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। আমরা চাই, পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে থেকে কাজ করুক। এসব বিষয় নিশ্চিত করার চেষ্টা করছি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলার যুগীরঘোল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা প্রধান কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরে প্রতিমন্ত্রী ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ১৭ বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব নয়। আমাদের একটু সময় দেন। আমরা সেটা শতভাগ করার চেষ্টা করছি। জনগণের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় যা যা করণীয়, তা আমরা করে যাব।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিগত ১৭ বছরের জঞ্জাল দূর করার চেষ্টা করছে। যারা দীর্ঘদিন দেশকে অস্থিতিশীল অবস্থার মধ্যে রেখেছিল, তাদের কারণে সৃষ্ট অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ এবং বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। ভালো কাজগুলো শতভাগ করার চেষ্টা করছি। জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করা হচ্ছে। আমাদের সরকারের মন্ত্রী ও এমপিদের মূল কাজ হলো জনগণের কাছে গিয়ে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুবক ও তরুণরা হচ্ছে আগামী দিনের জাতির ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্তভাবে গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে কাজ করা হচ্ছে। খেলাধুলাকে পেশাগত স্বীকৃতি দিতে ক্রীড়া ভাতা কার্যক্রমও শুরু করা হয়েছে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে সরকার কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুবুল আলম, যুগ্মসচিব ড. জোবায়ের ও হুমায়ুন কবির, ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ।
