সর্বশেষঃ

নিঃসঙ্গ জীবনে আনন্দের ছোঁয়া, প্রবীণদের পাশে বসুন্ধরা শুভসংঘ

জীবনের শেষ প্রান্তে এসে প্রবীণদের চাওয়া খুব বেশি নয়,একটু সঙ্গ, কিছু আন্তরিক কথা আর আপনজনের মতো পাশে থাকা। সেই মানবিকতার বার্তা নিয়ে ভোলার নিজাম-হাসিনা বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

বৃহস্পতিবার আয়োজিত এ কর্মসূচিতে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে গল্প, আড্ডা, কুশল বিনিময় ও হাসি-আনন্দে সময় কাটান সংগঠনের সদস্যরা। কয়েক ঘণ্টার এ আয়োজনে বৃদ্ধাশ্রমের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। একাকিত্বের বদলে প্রবীণদের মুখে ফুটে ওঠে হাসি।

বৃদ্ধাশ্রমের এক বাসিন্দা বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে সবসময় দেখা হয় না, অনেক সময় কেউ খোঁজও নেন না। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এসে পাশে বসে কথা বলেন, সময় কাটান। এতে তাদের খুব ভালো লাগে। মনে হয়, তাদের কথাও ভাবার মতো মানুষ রয়েছেন।

আয়োজনে তরুণদের সঙ্গে গল্পে মেতে ওঠেন প্রবীণরা। কেউ শোনান জীবনের নানা গল্প, আবার কেউ ফিরে যান পুরোনো দিনের স্মৃতিতে। বয়সের ব্যবধান ভুলে কয়েক ঘণ্টার জন্য তৈরি হয় আন্তরিকতার এক সুন্দর পরিবেশ।

বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন বলেন, বয়স বাড়ে, সময় বদলায়; কিন্তু ভালোবাসা, সঙ্গ আর আপনজনের প্রয়োজন কখনো শেষ হয় না। সমাজের প্রতিটি মানুষ যদি একটু সময় নিয়ে প্রবীণদের পাশে দাঁড়ায়, তাহলে জীবনের শেষ অধ্যায়টুকুও আরও সুন্দর ও মানবিক হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্টরা বলেন, প্রবীণদের প্রয়োজন শুধু খাবার, পোশাক কিংবা প্রয়োজনীয় সামগ্রী নয়; তাদের প্রয়োজন কথা বলার একজন মানুষ, মনোযোগ এবং আপনজনের মতো কিছুটা সময়। এই উপলব্ধি থেকেই বসুন্ধরা শুভসংঘের এ ধরনের আয়োজন প্রবীণদের একাকিত্ব কিছুটা হলেও দূর করতে ভূমিকা রাখছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।