ভোলায় প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষা প্রতিযোগিতা

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা বাড়ানো ও মেধা বিকাশের লক্ষ্যে ভোলায় প্রথমবারের মতো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরবি ভাষাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোলা সদর উপজেলার মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ছয়টি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে অংশ নেয়।
প্রতিযোগিতায় মিজান ও মুনসায়িব মুখস্থ, একশ আমেল মুখস্থ, কোরআনের ১১৪টি সূরার নাম অর্থসহ বলা, তাহকীক লেখা, আরবি-বাংলা অনুবাদ, আরবিতে দরখাস্ত লেখা, তাৎক্ষণিক বক্তব্য ও কুইজসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয়।
মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষ করে তোলা প্রয়োজন। আরবি ভাষার চর্চা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি হারুনুর রশীদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান, মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, চর পাঙ্গাশিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আমির হোসাইন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল হোসাইন ও ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
