বোরহানউদ্দিনে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ৩০ বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ, মানববন্ধন-সংবাদ সম্মেলন
পূর্ব ইলিশায় সড়ক দখল করে মাছ বিক্রি, ভোগান্তিতে পথচারী

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের অন্যতম ব্যস্ত জংশন বাজারে প্রধান সড়কের ওপর মাছের দোকান বসিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জংশন বাজারে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের ব্যাপক সমাগম থাকে। ব্যস্ত এই বাজারের প্রধান সড়কের ওপর মাছ বিক্রির কারণে সড়কের একটি অংশ সংকুচিত হয়ে পড়ছে বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে দেখা যায়, মাছ বাজারের পাশেই মাছ বিক্রির জন্য খালি জায়গা থাকলেও সেখানে না বসে কয়েকজন মাছ ব্যবসায়ী প্রধান সড়কের ওপর বসে মাছ বিক্রি করছেন। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং পথচারীদেরও ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের কারণে সড়কের ওপর মাছের দোকান বসানো হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
অটোচালক ইউছুফ বলেন, সড়কের ওপর মাছের বাজার বসানোর কারণে অটো চালাতে অনেক সমস্যায় পড়তে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিছুদিন আগেও এখানে একটি দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, মাছ বাজারের পাশে যে খালি জায়গা রয়েছে, সেখানে বাজারটি বসানো হলে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের দাবি, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং সড়কের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধান সড়ক থেকে মাছের দোকানগুলো সরিয়ে নির্ধারিত বা খালিট জায়গায় স্থানান্তর করা হোক।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
