সর্বশেষঃ

গরু ব্যবসায়ী বাশার হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মোঃ আনিসুর রহমান, দক্ষীণ আইচা (চরফ্যাশন) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় গরু ব্যবসায়ী আবুল বাশার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুলতান হাওলাদারের ছেলে সাইদুল ইসলাম জমাদার (৩৭) এবং তাঁর স্ত্রী সালমা বেগম (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সালমা বেগম মোবাইল ফোনে আবুল বাশারকে তাঁর বাড়িতে যেতে বলেন। তখন স্থানীয় বাবুর হাট বাজারে থাকা বাশার ওই ফোন পেয়ে সালমার বাড়িতে যান। এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে শরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাঁকে পান করানোর পর হত্যা করা হয়।

পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির পুকুরে খুঁটি দিয়ে ডুবিয়ে রাখা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুর থেকে আবুল বাশারের গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর রাতে দক্ষিণ আইচা থানায় মামলা করেন। মামলাটির নম্বর ২২।

নিহতের ছোট ভাই ইব্রাহিমের অভিযোগ, সালমা বেগম ও তাঁর স্বামী সাইদুল ইসলাম একটি পাওনা টাকা আদায়সংক্রান্ত মামলায় জড়িত ছিলেন। জুয়েল নামের এক ব্যক্তির বিরুদ্ধে করা ওই মামলায় আবুল বাশারকে সাক্ষী করা হয়েছিল। তবে বাশার মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে বাড়িতে ডেকে নিয়ে স্বামী-স্ত্রী মিলে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এজাহারে করা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, গ্রেপ্তার সাইদুল ইসলাম জমাদারকে চরফ্যাশন উপজেলা আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামি সালমা বেগম পুলিশ হেফাজতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।