ভোলায় বিজেপি’র উদ্যোগে তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র উদ্যোগে ভোলায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য তৃতীয় দফায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিজেপি চেয়ারম্যান, ভোলা-১ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলার আলীনগর, উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নে একযোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল থেকে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩ ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি দেখা যায়। আয়োজকরা জানান, প্রত্যন্ত ও তৃণমূল এলাকার অসচ্ছল মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভোলা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম।
