নজরুলবর্ষ উপলক্ষে ভোলায় নজরুল সংগীত কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার :
নজরুলবর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, ভোলার আয়োজনে দুই দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ কর্মশালা শুরু হয়। চলবে শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান ও মৃদুলা সমদ্দার। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানান, নজরুলের সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং নজরুলসংগীত চর্চায় আগ্রহীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
