ভোলায় গর্ভবতী মায়েদের সেবায় Ma Care ও MMS বিষয়ে প্রশিক্ষণ

ভোলায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে Ma Care ডিজিটাল সিস্টেম এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (MMS) বিতরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোলা সিভিল সার্জন কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে চিকিৎসক, নার্স, স্টোর কিপার ও ফার্মাসিস্টরা অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরাফাতুর রহমানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনা, Ma Care ডিজিটাল সিস্টেমের ব্যবহার এবং গর্ভবতী মায়েদের জন্য MMS বিতরণের নিয়ম ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, সেবার তথ্য নিয়মিতভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করার বিষয়ে স্বাস্থ্যকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্যসেবার তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে গর্ভবতী মায়েদের সেবা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি MMS বিতরণের মাধ্যমে গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
