ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন
ভোলায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোলা শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোনতাসির আলম চৌধুরী রবীন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, আহ্বায়ক সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন এবং জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল কাদের সেলিম।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
