ভোলায় ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভোলায় ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মোঃ সামিরুজ্জামান, সিনিয়ার স্টাফ রিপোর্টার
ভোলায় গত রাত থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। এতে স্বাভাবিক জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটেছে। বুধবার সকালে বৃষ্টির মধ্যে অফিস ও কর্মস্থলে যেতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই ।
ভোলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
ভোলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর সতর্কসংকেত এবং নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে।
আবহাওয়া পরিস্থিতির কারণে উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দমকা হাওয়া অব্যাহত থাকার আশঙ্কাও রয়েছে।
এদিকে সমুদ্র ও নদীতে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার অবনতি হলে ভোলার উপকূলীয় এলাকায় নৌযান চলাচল ও জনজীবনে প্রভাব পড়তে পারে।
সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস ও সতর্কসংকেত অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ভোলা প্রতিনিধি
