ভোলার জাঙ্গালিয়া নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

মোঃ সোহল রানা, স্টাফ রিপোর্টার
ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে জাঙ্গালিয়া নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এবং পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার পাঙ্গাসিয়া বাজার সংলগ্ন নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা। প্রতিদিনের মতোই এখানে চলছে জাঙ্গালিয়া নদীর আগ্রাসী ভাঙন। ভাঙনের মুখে পড়ে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও নানা স্থাপনা। ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয় শত শত পরিবারের।
এমন পরিস্থিতিতে নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপের দাবিতে পাঙ্গাসিয়া বাজারের নদীর তীরে মানববন্ধনে সমবেত হন বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে নদী ভাঙলেও নেওয়া হয়নি কোনো স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং সিসি ব্লক দিয়ে নদী তীর সংরক্ষণের জোরালো দাবি জানান তারা।
ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে বিশাল ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। নদী তীর রক্ষায় অবিলম্বে পানিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভোলার জাঙ্গালিয়াপাড়ের মানুষ।
