সর্বশেষঃ

লালমোহনে গ্যাস সিলিন্ডার সংযোগের সময় আগুন, ক্ষতি ১৫ হাজার টাকা

ভোলার লালমোহনে নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় মাছ বাজার-সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মো. মফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মাওলানা মিল্লাত হোসাইনের বসতঘরের রান্নাঘরে নতুন একটি গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বেলা ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালন করে।

আগুনে রান্নাঘরের আসবাবপত্র, ঘরের চালের ওপর থাকা প্লাস্টিকের টিন ও একটি ফ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা বলে জানা গেছে।

তবে আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।