সর্বশেষঃ

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক আটক

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে।

আজ বুধবার ভোররাতে নগরীর শিববাড়ী মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি নগরীর শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার ভোররাতে একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়ায়। এ সময় একজন যুবক মোটরসাইকেল থেকে নেমে স্মৃতিস্তম্ভের আগুন কাছে যায়। সে সময় শিববাড়ী মোড়ে চলাচলরত লোকজনের সন্দেহ হয়। তারা যুবককে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে তার কাছ থেকে একটি বোতলভর্তি পেট্রোল ও পটকা জাতীয় বস্তু উদ্ধার করে। ফাহাদকে আটক করার ঘটনা দেখতে পেয়ে তার সঙ্গী অপর দুই যুবক দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। আটক ফাহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর দুইজনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।