ভোলার দৌলতখানে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ: বিচার ও নিরাপত্তার দাবিতে পরিবার
শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের নির্দেশে ভুক্তভোগী ও নবজাতকের নমুনা সংগ্রহ করা হয়। গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি একটি কন্যাশিশুর জন্ম দেয়। পরে নবজাতকের নমুনার সঙ্গে মামলার আসামি সাগরের ডিএনএ পরীক্ষা করা হয়।
গত আগস্টে প্রকাশিত সিআইডির চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়ার কথা জানানো হয়। ফলে মামলার তদন্তে এটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে সামনে আসে।
এরপর ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সাগর এবং তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে অভিযুক্ত করা হয়।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল বলেন, রাষ্ট্রপক্ষের হাতে থাকা সাক্ষ্য, নথিপত্র ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে মৃত্যু ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে এ মামলায় সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত। মামুনের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার। তবে, আদালত সেই প্রমাণ পাননি। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তঃসত্ত্বা শিশুটিকে গত ১২ মে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় গত ২ জুলাই একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি। ভিকটিম শিশুটির জন্ম দেওয়া শিশুর দায়িত্বভার সরকার নিয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।
