ভোলার দৌলতখানে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ: বিচার ও নিরাপত্তার দাবিতে পরিবার
ভোলার দৌলতখানে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ: বিচার ও নিরাপত্তার দাবিতে পরিবার

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের, ৬ নম্বর ওয়ার্ডের দিদারুল্লাহ গ্রামে, ১৯৬৩ সালে ১ একর ৬৪ শতাংশ জমি ক্রয় করেন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাশেম। এরপর থেকে দীর্ঘ ৬২ বছর ধরে এই জমিতেই ভোগদখল ও বসবাস করে আসছে তার পরিবার।
তবে অভিযোগ উঠেছে, গত ৫ই আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে, বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাশেমের উত্তরাধিকারীদের ৫২ শতাংশ জমি, জোরপূর্বক দখল করে নেন একই বাড়ির মৃত জেবল হকের ছেলে গজনবী। শুধু জমি দখলেই নয়, অভিযুক্ত গজনবী মরহুম আবুল হাশেমের ছেলে আবু মুসা ও তার পরিবারের ওপর প্রতিনিয়ত, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী আবু মুসা বলেন, তার বাবা ১৯৬৩ সালে ১ একর ৬৪ শতাংশ জমি খরিদ করেন। দীর্ঘ ৬২ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ৫ই আগস্টের পর সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে গজনবী দল পরিবর্তন করে প্রায় ৫২ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। শুধু তা-ই নয়, আব মুসার ঘরের ওপর প্রতিনিয়ত ইটপাটকেল নিক্ষেপ সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চায় ভুক্তভোগী পরিবার।
সম্প্রতি রাস্তার পাশে জোরপূর্বক একটি দোকান ঘর উত্তোলন শুরু করেন গজনবী। খবর পেয়ে ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পরদিন আবারও সেই ঘর উত্তোলনের কাজ শুরু করেন তিনি।
তবে নিজের জমিতে দোকানঘর উত্তোলনের কথা জানিয়ে অভিযুক্ত গজনবী বলেন, ২০০৫ সালে মরহুম জুনাব আলীর ওয়ারিশদের কাছ থেকে তিনি ক্রয়সূত্রে জমিটির দলিল রেজিস্ট্রি করেন। তবে ওই দলিলে মোট কতটুকু জমি আছে, সে সম্পর্কে তাঁর সুনির্দিষ্ট ধারণা নেই।
৩ ভাই ও ২ বোনের ওয়ারিশ সূত্রে পাওয়া এই পৈতৃক সম্পত্তি উদ্ধার এবং নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন বীর মুক্তিযোদ্ধার পরিবার।
ভোলার দৌলতখানের এই জমি সংক্রান্ত বিরোধ ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।
