ভোলা পুলিশ লাইন্সে পুলিশ সুপারের কেন্দ্রীয় রোলকল

পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা ও কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সরাসরি জানতে ভোলা জেলা পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রোলকল গ্রহণ করেছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইন্সে অবস্থানরত পুলিশ সদস্যদের নিয়ে এ কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে সরাসরি অবহিত হন। পাশাপাশি সদস্যদের সমস্যা ও প্রয়োজন যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
কেন্দ্রীয় রোলকলে অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস), আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের সদস্যদের সমস্যা ও প্রয়োজন সরাসরি জানার মাধ্যমে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
