সর্বশেষঃ

দক্ষিণ আইচায় পরপর ৪ ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ১

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পরপর চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মো. মামুন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বাবুর হাট এলাকা থেকে মামুনকে আটক করা হয়। এলাকায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় তদন্ত শুরু করে দক্ষিণ আইচা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মামুনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চুরি হওয়া সরকারি মালামালের ঘটনায় দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা করেন।

দক্ষিণ আইচা থানার এসআই মো. শাহীন হোসেন জানান, মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে ছয়জন আইনজীবী উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

গ্রেফতার মামুনের পিতার নাম হারুন সরদার। তার ঠিকানা চরকলমি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নজরুলনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের বিরুদ্ধে পটুয়াখালী জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

এদিকে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে দক্ষিণ আইচা থানা পুলিশের পক্ষ থেকে রাতের টহল ও ডিউটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির।

ওসি বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনার পর থেকে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। চুরি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে প্রযুক্তির সহায়তাসহ অভিযান জোরদার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।