লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা
মেঘনায় তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর খোঁজে এখন চলছে উদ্ধার অভিযান

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই বন্ধুর খোঁজে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদের (২২) সন্ধান এখনো মেলেনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ারসার্ভিসের ডুবুরি দল।
এরআগে, গতকাল সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের গরীবের দুবাই খ্যাত বালুর মাঠ এলাকায় নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় তীর ধসে ডুবে যায় ৫ বন্ধু। পরে ৩ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন আমজাদ ও রাকিব নামের দুই বন্ধু।
নিখোঁজ আমজাদ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে। আর রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে।
ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে পর্যাপ্ত সরঞ্জাম ও প্রয়োজনীয় উদ্ধারকারী দল না থাকায় রাত পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আবারও উদ্ধার অভিযান শুরু করা করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে, দুই বন্ধু নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়দের ভিড় জমেছে। প্রিয়জনের সন্ধানে নদীর তীরে অপেক্ষা করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থলের পরিবেশ।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, ঘটনাটি জানার পর কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।
