লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নতুন কমিটির পরিচিতি সভা
৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত: সমুদ্রে না যেতে কোস্ট গার্ডের জরুরি সতর্কবার্তা

প্রতিকূল আবহাওয়ার জন্য জরুরি সতর্কবার্তা জারী করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন
সকল জেলে, ট্রলার ও নৌযানের মালিক, ঘাট কমিটির সভাপতি, বোট মালিক সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে। এছাড়াও সমুদ্রে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল ও বৈরী আবহাওয়া বিরাজ করছে।
এমতাবস্থায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা এবং সমুদ্রে চলাচলের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযান মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে পাঠাবেন না।
বর্তমান পরিস্থিতিতে সমুদ্রে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে জীবনহানির আশঙ্কা রয়েছে। এছাড়া কোনো দুর্ঘটনা ঘটলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করাও অত্যন্ত কঠিন, ফলে উদ্ধারকারী সদস্যদের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে।
কোস্ট গার্ড দক্ষিণ জোন স্টাফ অফিসার (অপারেশন্স) লেঃ কমান্ডার জামিলুর রহমান জানান, আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতি আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে। তাই সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং এই বার্তাটি সংশ্লিষ্ট সকলের মাঝে দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
