ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ও আলীনগর ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফিকের ছেলে মো. আবদুল্লাহ (৩) এবং আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে আবদুর রহমান (২)।
স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে আবদুল্লাহ বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা ও পরিবারের অন্য সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
আবদুল্লাহকে দ্রুত ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন দুপুরে আবদুর রহমান পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
