সর্বশেষঃ

মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি।

জেলে খালেক মাঝি বলেন, শনিবার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোড়াল মাছটি জালে ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে মাছটি মৎস্যঘাটে এনে নিলামে তোলা হয়।
নিলামে কয়েকজন মাছ ব্যবসায়ী অংশ নেন। পরে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন।
তিনি জানান, মাছটি স্থানীয় ব্যবসায়ীরা মিলে ভাগ করে খাওয়ার জন্য কিনেছেন।

মৎস্য ব্যবসায়ী মাইনউদ্দিন ও এরশাদ হোসেন বলেন, ঢাকার বাজারে বড় আকৃতির মাছের চাহিদা রয়েছে। মাছটি ঢাকার বাজারে নেওয়া হলে আরও ভালো দামে বিক্রি হতে পারত।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এ সময়ে বড় আকৃতির কোড়াল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।