সর্বশেষঃ

লালমোহনে মাওলানা সাইফুল ইসলামের মৃত্যু, শোকের ছায়া

ভোলার লালমোহনের ধর্মীয়, শিক্ষা, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের পরিচিত মুখ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার মারা গেছেন। ঢাকার শমরিতা হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে লালমোহনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম সাইফুল ইসলাম পূর্ব ধলিগৌরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, লালমোহন উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন, লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং লালমোহন ফাউন্ডেশন ঢাকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লালমোহন তালুকদার হোটেলের মালিক ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয়ভাবে তিনি লালমোহন-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা মাননীয় স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।

স্বজনদের ভাষ্য, সাইফুল ইসলাম ছিলেন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ। ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের বাইরে লালমোহনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক সম্পর্ক। হাস্যোজ্জ্বল স্বভাবের কারণে তিনি সবার কাছে সহজেই আপন হয়ে উঠেছিলেন।

মরহুমের ভগ্নিপতি মো. নুর নবী নওয়াব মজুমদার বলেন, ‘সাইফুল ভাই আমাকে সব সময় ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। আমাদের সম্পর্ক শুধু আত্মীয়তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল বন্ধুত্বপূর্ণ।’

তিনি বলেন, কয়েক দিন আগেও সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘ সময় আন্তরিকভাবে কথা হয়েছিল। সেটিই যে তাঁদের শেষ কথোপকথন হবে, তা তখন কেউ ভাবতে পারেননি।

সাইফুল ইসলামের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ী সমাজ এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

‘যুব ঐক্য মানবতার সংস্থা’, লালমোহন, ভোলার পক্ষ থেকেও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দানের জন্য দোয়া করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।