জোয়ারের স্রোতে ভাঙছে সড়ক, ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান; আতঙ্কে কলাতলীর বাসিন্দারা
লালমোহনে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মঙ্গলসিকদার বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সভাপতি ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এবং ডা. মোবারক করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়া, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু মিয়া, পূর্ব শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন মেম্বার, ইউনিয়ন জাসাস সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মঙ্গলসিকদার বাজারের স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি লালমোহন থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে এলাকার কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে গোপনে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
