সর্বশেষঃ

দক্ষিণ আইচায় করাত কলের ৩ ট্রান্সফরমার চুরি‎

দক্ষিণ আইচা প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে একটি করাত কলের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিস থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উত্তর চরমানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজারের সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার তিনটি চুরি করা হয় বলে জানান শারমিন আক্তার করাত কলের মালিক রহিজল সিকদার মেম্বার।
মিল মালিকের দাবি, চুরি হওয়া ৩টি ট্রান্সফরমারের প্রতিটির ক্ষমতা ১৫ কেভিএ। ৩টি ট্রান্সফরমারে বিপুল পরিমাণ তামার তার ও মূল্যবান কয়েল ছিল। চোরচক্র ট্রান্সফরমারগুলো খুঁটি থেকে নিচে ফেলে পাশে নিয়ে ভেতরের মূল্যবান কয়েল ও তামার তার খুলে নিয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থনীয় কয়েকজন বাসিন্দা জানান, ভোরে কৃষিকাজে বের হয়ে তারা রাস্তার পাশে বিদ্যুতের তার ছেঁড়া ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কাছের বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমারগুলো দেখতে না পেয়ে বিষয়টি তাদের নজরে আসে। পাশের একটি খালে ট্রান্সফরমারের খালি কভারও পড়ে থাকতে দেখা যায়।
শারমিন আক্তার করাত কলের মালিক রহিজল সিকদার বলেন, আমার মিলের ১৫ কেভিএ ক্ষমতার ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এতে আমার অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। চুরির বিষয়টি জানার পর বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ আইচা বিদ্যুৎ অফিসের এলটি মো. আলামিন বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন করেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমারগুলো খুঁটি থেকে ফেলে পাশে নিয়ে ভেতরের কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে। নতুন ট্রান্সফরমারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।