সর্বশেষঃ

ভোলা জেলা ঐক্য ফোরামের উপজেলা কমিটি গঠন লালমোহনে চা-চক্র ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : 

ভোলা জেলা ঐক্য ফোরামের উপজেলা পর্যায়ের কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে লালমোহনে সংগঠনটির উদ্যোগে চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোলা জেলা ঐক্য ফোরামের নেতৃবৃন্দ, লালমোহন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের কার্যকরী সদস্যরা অংশ নেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, উপজেলা পর্যায়ে কমিটি গঠন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে ভোলা জেলা ঐক্য ফোরাম কাজ করছে। জেলার মানুষের বিভিন্ন সমস্যা, ন্যায্য দাবি ও জনস্বার্থের বিষয়গুলো সম্মিলিতভাবে তুলে ধরার পাশাপাশি সামাজিক অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে চান তারা।

বক্তারা মাদক, চুরি-ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক অনিয়ম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, নদীপথে যাতায়াত, বালু উত্তোলনসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

তারা বলেন, দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে জেলার সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সামাজিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ সময় ভোলার সচেতন নাগরিকদের ফোরামের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, ভোলা জেলা ঐক্য ফোরামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত রয়েছেন। ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সমাজসেবক, লেখক, কবি, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা ঐক্য ফোরামের ভাইস চেয়ারম্যান রজিবুল ইসলাম রজিব, যুগ্ম মহাসচিব আবুল খায়ের সবুজ ও জিয়াউর রহমান জিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আখতারুজ্জামান বাবু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নওয়াব খান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, মুখপাত্র মাকসুদুর রহমান, যুব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলামিন মিয়া এবং সহ-যুব প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোসলে উদ্দিন।

এ ছাড়া কার্যকরী সদস্য ও লালমোহন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিন হাওলাদার ও সবুজ শিকদার, কার্যকরী সদস্য আরিফুর রহমান আকবার, জুবায়ের আহমেদ, শামিম ও শরীফসহ লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে ভোলার প্রতিটি উপজেলায় শক্তিশালী ও সুশৃঙ্খল কমিটি গঠনের মাধ্যমে জেলা ঐক্য ফোরামের সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।