মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক ছোটন সাহা

স্টাফ রিপোর্টার ॥
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেশ টিভি, বাংলা নিউজ ও আমাদের সময়ের ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক ছোটন সাহা। সোমবার সকালে ঘুইংগার হাটের কমরউদ্দিন বাজার এলাকায় তিনি আহত হন। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে।
জানা গেছে, সাংবাদিক ছোটন সাহা সোমবার সকালে তার শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ের যাওয়ার উদ্দেশ্যে শহরের বাসা থেকে বের হন। ঘুইংগার হাট বাজার অতিক্রম করে কমরউদ্দিন বাজার নামক স্থানে পৌছলে হঠাৎ করে এক ছোট ছেলে রাস্তার একপাশ থেকে অপরপাশে দৌড় দেয়। এ সময় ছোটন সাহা তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলে কড়া ব্রেক করেন। এসময় তার বাইকটি উল্টে রাস্তার উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে।
সাংবাদিক ছোটন সাহার দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে ভোলা সদর হাসপাতালে ছুটে যান সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্খীরা। এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তাঁর পাশে থাকেন।
সহকর্মীরা জানান, ছোটন সাহা দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক ছোটন সাহার দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্খীরা সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
