সর্বশেষঃ

ভোলার ইলিশায় নৌকাডুবি, বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার ॥
ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা বাবা ও ছেলেসহ ২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার বিকেলে জানান, মেঘনায় নৌকাডুবির খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ইলিশার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে নৌকায় থাকা ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন-ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মোতাহার গোলদারের ছেলে মোঃ আলমগীর গোল্দার (৪৫), ও তার ছেলে মোঃ মিজানুর রহমান (১৩)।
উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরবর্তীতে ডুবে যাওয়া মাছ ধরার নৌকাটিও উদ্ধার করে নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।