সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে কাল
মনপুরায় বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামী কিশোর গ্রেফতার

মোঃ সজীব মোল্লা, মনপুরা :
ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে গ্রেফতারকৃত কিশোরকে বরিশাল শিশু আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আজিজ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির খোকন মিয়ার ছেলে অভিযুক্ত কিশোর বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটি চিৎকার করলে তার মা সেখানে গিয়ে শিশুটিকে দেখতে পান। এ সময় শিশুটির পরনের পায়জামায় রক্তের দাগ দেখতে পান বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির মা বিষয়টি প্রতিবেশীদের জানালে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেওয়া হয়।
তবে ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও কোনো সুরাহা না হওয়ায় শিশুটির মা মনপুরা থানায় বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
