সর্বশেষঃ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা। এ সময় নদীর ওই এলাকা থেকে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দ করা ট্রলিং বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে তা দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল।
অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।