নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে প্রচারণা জেলা ক্রীড়া অফিস
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে প্রচারণা জেলা ক্রীড়া অফিস

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনে উৎসাহিত করতে প্রচার-প্রচারণা চালাচ্ছে জেলা ক্রীড়া অফিস। এরই ধারাবাহিকতায় গতকাল ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচার-প্রচারণা চালানো হয়। এ সময় শিক্ষার্থীদের নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণের সুযোগ, অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং প্রতিযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেন জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা।
ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাপাতুল ইসলাম জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যাতে কোনো আগ্রহী শিক্ষার্থী রেজিস্ট্রেশন থেকে বাদ না পড়ে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের প্রতিভা তুলে ধরতে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই ভোলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করুক।”
জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
