সর্বশেষঃ

চরকুকরি-মুকরিতে নারীর ওপর হামলা, মারধর ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরি-মুকরি ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে এসে চায়না (২৫) নামের এক নারী ও তাঁর স্বামী মোস্তফা কামালের ওপর হামলা, মারধর এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

গত ২৭ আগস্ট মধ্যরাতে দক্ষিণ আইচা থানাধীন চরকুকরি-মুকরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিনপুর গ্রামের খাসপাড়ায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী চায়নার অভিযোগ, প্রায় এক মাস আগে কুমিল্লার বাসিন্দা মোস্তফা কামালের সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই রাতে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে অবস্থানকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি গভীর রাতে তাঁদের বসতঘরে প্রবেশ করে ভাঙচুর ও চেঁচামেচি শুরু করেন। পরে চায়না ও তাঁর স্বামীকে ‘বিয়েবহির্ভূত পাতানো স্বামী’ নিয়ে থাকার মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রতিবাদ করলে চায়না ও তাঁর স্বামীকে মারধর করা হয়। তাঁদের বাঁচাতে এগিয়ে এলে চায়নার ভাই জুনায়েদকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে চায়নার বোন হাওয়া বিবির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান বলে দাবি ভুক্তভোগীদের।
এ ঘটনায় চায়না বাদী হয়ে স্থানীয় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি হিসেবে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গীর হাওলাদার, ফোরকান হাওলাদার, আলী বেপারী, আব্বাস বক্স ও জাহির চৌকিদারের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।