লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ চারজন আটক

ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরাকান্দি দুলা মিয়া চৌকিদার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, লালমোহন থানার একটি দল উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজল ইসলামের ছেলে হাসিবুল্লাহ শামিম (২৫), রমাগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের নবিউল্লাহর ছেলে মাহমুদুল হাসান (২৪), পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া ৫ নম্বর ওয়ার্ডের দুলাল খন্দকারের ছেলে নুরনবী (২৪) এবং একই এলাকার মধ্য পাঙ্গাসিয়া ৫ নম্বর ওয়ার্ডের মোন্তাজ মিস্ত্রীর ছেলে মনির (২৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা অবৈধ মাদকদ্রব্য। এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৩১, তারিখ ২৮ আগস্ট ২০২৬। মামলাটি জিআর নম্বর ২১৪ হিসেবে নথিভুক্ত হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
