ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম
ভোলায় পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

ভোলায় পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভোলা সার্কেলের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পেশাজীবী চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, ট্রাফিক সাইন-সিগন্যাল এবং রোড মার্কিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে আইন মেনে চলার মানসিকতা তৈরি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি, চালকদের শিষ্টাচার ও নৈতিকতা এবং নারী, শিশু, প্রতিবন্ধী ও সাধারণ যাত্রীদের সঙ্গে আচরণের বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া স্মার্টফোনের মাধ্যমে বিআরটিএর বিভিন্ন অনলাইন সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে চালকদের অবহিত করা হয়। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, গাড়ির ফিটনেস সনদ ইস্যু ও নবায়ন, রুট পারমিট, হর্ন ও গাড়ির রং পরিবর্তনসহ বিভিন্ন সেবার তথ্য তুলে ধরা হয়।
কর্মশালায় মোটরযানের নিয়মিত মেরামত, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ওপরও গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষকদের পক্ষ থেকে চালকদের সড়ক আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল ও সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়।
রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান, ভোলা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার খালিদ মাহমুদ, ভোলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক সমীর দেবনাথ এবং ভোলা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু পলাশসহ সংশ্লিষ্টরা।
