পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভোলার চরফ্যাশন হাসপাতালে রোগীদের উন্নত খাবার পরিবেশন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী হাসপাতালের ভর্তি রোগীদের জন্য তিন বেলা বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ খাবার পরিবেশনের সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল আলম।
তিনি নিজ হাতে ভর্তি রোগীদের মাঝে খাবার পরিবেশন করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় রোগীদের সঙ্গে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ দিনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে উন্নত খাবারের ব্যবস্থা করায় তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
