ভোলায় ১ হাজার ৪০০ ইয়াবাসহ নারী আটক

ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০টি ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বুধবার সকাল আটটার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা এ অভিযান চালান।
আটক নারীর নাম মোছা. রুমি (২৪)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কালাবাইজাবুনিয়া লিচুবাগান এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত কবির হোসেন এবং বাবা মৃত আবদুর রহিম।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুমিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ হাজার ৪০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
আটক রুমি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
