সর্বশেষঃ

১ সপ্তাহের মধ্যে হাসপাতাল পরিষ্কার না হলে ক্লিনারদের চাকরি থাকবে না: মনপুরা ইউএনও

ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন অংশের পরিচ্ছন্নতা ও সামগ্রিক পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে ইউএনও খান সালমান হাবীব বলেন, এক সপ্তাহের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা না হলে কোনো ক্লিনারের চাকরি থাকবে না।

তিনি হাসপাতাল প্রাঙ্গণ, বিভিন্ন স্থাপনা ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন এবং রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কবির সোহেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল এহসান জসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

উল্লেখ্য, যোগদানের পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতার বিষয়ে ইউএনওর এমন কঠোর অবস্থানকে হাসপাতালের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।