মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পরলো ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায়

ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোড়াল মাছ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের ডালচর মৎস্যঘাটে মাছটি উন্মুক্ত নিলামে ২৪ হাজার টাকায় বিক্রি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে কামাল মাঝির জালে অন্যান্য ছোট ইলিশের পাশাপাশি বিশাল আকৃতির এই কোড়াল মাছটি উঠে আসে। পরে তিনি মাছটি বিক্রির জন্য ডালচর মৎস্যঘাটে জুবায়ের হাসান রাজিব চৌধুরীর মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জুবায়ের হাসান রাজিব চৌধুরী।
মৎস্য ব্যবসায়ী শামীম তালুকদার জানান, ডাকের মাধ্যমে কেনা মাছটি বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। এদিকে মনপুরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, গভীর সমুদ্র থেকে বড় মাছগুলো উপকূলীয় এলাকার আসতে শুরু করেছে। এ ধরনের বড় মাছ আরো ধরা পরতে পারে।
