ভোলার মনপুরায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি বড় ইলিশ, স্থানীয়ভাবে যেটিকে ‘রাজা ইলিশ’ বলা হচ্ছে। মাছটি নিলামে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে মাছটি নিয়ে আসেন জেলে কিরন মাঝি। পরে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী ফিরোজ সাড়ে ৮ হাজার টাকায় কিনে নেন।

জেলে কিরন মাঝি জানান, সকালে মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকৃতির এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে এটিও আড়তে নিলামে তোলা হয়।

মৎস্য ব্যবসায়ী ফিরোজ জানান, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত তিনি মাছটি কিনে নিয়েছেন। পরে লঞ্চযোগে ঢাকার কাওরান বাজারে পাঠিয়ে সেখানে বিক্রি করবেন। এতে আরও ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট রয়েছে। এর মধ্যেও বড় আকৃতির একটি ইলিশ ধরা পড়া আশাব্যঞ্জক। সামনে বৃষ্টিপাত হলে মেঘনায় আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।