দেশে প্রথমবার নৌযান শুমারি, ভোলার ইলিশা ঘাটে আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হয়েছে নৌযান শুমারি।
দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক সংখ্যা ও ধরনের ডাটাবেজ তৈরি করতেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই শুমারি পরিচালিত হচ্ছে।
২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী চলবে এই তথ্য সংগ্রহ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে শুমারির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের প্রকৃত চিত্র উঠে আসবে। যা ভবিষ্যতে নৌ-নিরাপত্তা জোরদার, নীতিনির্ধারণ এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১০ দিনব্যাপী এই শুমারিতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী টিমগুলো ইঞ্জিনচালিত সকল নৌযানের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। এর মধ্যে রয়েছে – নৌযানের নাম, মালিকের তথ্য, ধারণ ক্ষমতা, ইঞ্জিনের ধরন, চলাচলের রুট এবং বৈধ কাগজপত্র।
নৌপরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন, এই শুমারির ফলে নৌ-দুর্ঘটনা রোধ এবং নৌ খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা আরও সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নূরন্নবী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মাকসুদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
