সর্বশেষঃ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

দলগত কাজ, তথ্য যাচাই ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বাস্তবমুখী দক্ষতা অর্জনের মধ্য দিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা বুটক্যাম্প’।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বরিশালের বিডিএস মিলনায়তনে আয়োজিত এ বুটক্যাম্পে বরিশাল বিভাগের ছয় জেলার ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন।
আভাসের আয়োজনে দিনব্যাপী এ বুটক্যাম্পে তরুণদের জন্য তৈরি করা হয় প্রাণবন্ত ও ব্যবহারিক শেখার পরিবেশ। অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেখা, প্রশ্ন করা, অনুশীলন এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

বুটক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল ‘গুজব গোয়েন্দা চ্যালেঞ্জ’ (Rumour Detective Challenge)।
দলভিত্তিক এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিভিন্ন অনলাইন দাবি যাচাই করেন, সন্দেহজনক তথ্য চিহ্নিত করার কৌশল নিয়ে আলোচনা করেন এবং তথ্য শেয়ার করার আগে ফ্যাক্ট-চেকের বিভিন্ন পদ্ধতি অনুশীলন করেন। এতে ফ্যাক্ট-চেকিংয়ের পাশাপাশি দলগত কাজ ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও বাড়ে।
এছাড়া ‘ফোন সেফটি ক্লিনিক’ সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের ফোন, অনলাইন অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (TFGBV) মোকাবিলায় সহায়তার Referral Pathway সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হয়। অনলাইনে হয়রানি বা ক্ষতির শিকার হলে কীভাবে নিরাপদে ব্যবস্থা নিতে হবে, প্রমাণ সংরক্ষণ করতে হবে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহায়তার সঙ্গে যুক্ত করতে হবে। এসব বিষয়ও তুলে ধরা হয়।
বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ভবিষ্যতে কীভাবে কাজে লাগাবেন, সে বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। শেখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি, নারী ও শিশু ডেক্স বরিশালের এএসআই রুমা পারভীন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি নাসরিন নাহার, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি মনজুরুল আলম ও লাইসা মাহামুদ হেমা। এছাড়া আভাসের ভারপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল ইসলাম এবং ডেপুটি পরিচালক জান্নাতুল নাইম ঐশিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (FREEDOM)’—‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় এ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। বিভাগীয় উইমেনস রাইটস অর্গানাইজেশন পার্টনারদের সহযোগিতায় এটি বাস্তবায়ন করে মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।