সর্বশেষঃ

৩৫ বছর ধরে পাকিস্তানের লাহোরে, ভোলার স্বজনদের খুঁজছেন হাজেরা

৩৫ বছর ধরে পাকিস্তানের লাহোরে, ভোলার স্বজনদের খুঁজছেন হাজেরা

৩৫ বছর আগে কিশোরী বয়সে ভোলা থেকে হারিয়ে গিয়েছিলেন হাজেরা। এরপর আর স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়নি। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের লাহোরে বসবাস করছেন তিনি। এখন বয়সের ভারে নুয়ে পড়া হাজেরার একটাই আকাঙ্ক্ষা জীবনের শেষ সময়ে একবার হলেও দেখা পাওয়া বাবা-মা, ভাই-বোনদের।

হাজেরার দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ বছর আগে এক আত্মীয়ের মাধ্যমে তিনি দালালের হাতে পড়েন। পরে তাঁকে পাকিস্তানের লাহোরে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করে জীবন কাটিয়েছেন তিনি। নিজের ওপর থাকা দেনা পরিশোধ করে পরে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করেন।

তবে স্বজনদের বিচ্ছেদের কষ্ট তাঁর পিছু ছাড়েনি। লাহোরে থাকলেও স্মৃতিতে এখনো ভেসে ওঠে ভোলার সেই গ্রাম ও পরিবারের সদস্যদের মুখ।

হাজেরার স্মৃতিতে বাবা হিসেবে ‘মহিজুল’ বা ‘মফিজুল ইসলাম’, মায়ের নাম ‘নূর জাহান নূরী’। ভাইয়ের নাম নবী হোসেন। দুই বোনের নাম বকুলী ও রাবেয়া। তাঁর নিজের গ্রামের নাম কাছিয়া এবং পোস্ট অফিস তুলাতুলি বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে লাহোরে এক শ্রমিকের সঙ্গে তাঁর সংসার। জীবনের দীর্ঘ সময় পাকিস্তানে কাটালেও নিজের জন্মভূমি ও স্বজনদের কথা ভুলতে পারেননি হাজেরা। ভাই নবী হোসেন কিংবা বোন বকুলী ও রাবেয়ার সঙ্গে আবার দেখা হবে—এই আশাতেই দিন কাটছে তাঁর।

ভোলার কাছিয়া ও তুলাতুলি এলাকার বাসিন্দাদের কাছে হাজেরার স্বজনদের খুঁজে পেতে সহযোগিতা চাওয়া হয়েছে। কারও পরিচিত কোনো পরিবারে ৩৫ বছর আগে কোনো মেয়ে নিখোঁজ হয়ে থাকলে বা হাজেরার দেওয়া নাম-পরিচয়ের সঙ্গে মিল পাওয়া গেলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

হাজেরার স্বজনদের সন্ধান পেলে যোগাযোগ করা যাবে

এস এম রোকনুজ্জামান
টিম মেম্বার, ‘খোঁজ’
ফোন: +৮৮০১৭১৬৯৮২৬৬৯

সংগৃহীত

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।