লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা অনুষ্ঠিত

ভোলার বাণী ডেস্ক ॥
ভোলার লালমোহনে হেল্পিং ক্লাব বাংলাদেশ-এর আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে সারাদেশ থেকে আসা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক। আয়োজক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে পবিত্র কুরআনের হাফেজ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মিলনমেলায় দেশের বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা নিজেদের সামাজিক ও মানবিক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন। পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। দিনব্যাপী এ আয়োজন স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করেছে।
