লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ভোলার লালমোহন উপজেলায় অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীনগর বাজারসংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় লালমোহন-নাজিরপুর সড়ক অবরোধ করলে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আকবর হোসেন স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে টিউশন ফি আত্মসাৎ, কম্পিউটার ল্যাবের বরাদ্দের টাকা আত্মসাৎ এবং নিয়োগ বাণিজ্যসহ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। এসব অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তাকে অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা বিএনপির সভাপতি মারুফ হাওলাদার, অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক আহ্বায়ক আবুল খায়েরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষক মো. আকবর হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে তার আশ্বাসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মো. আকবর হোসেন। মুঠোফোনে তিনি বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকার একটি পক্ষ দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করছে। কমিটির সভাপতি নিয়োগ নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধের দায় তার ওপর চাপানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
