লালমোহনে ৩৮ বছর ধরে সুসংবাদ- দুঃসংবাদসহ সকল ধরনের প্রচার করে যাচ্ছেন প্রচারক মোস্তফা
ভোলার বোরহানউদ্দিনের কোস্টগার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট, ব্যবসায়ীকে জরিমানা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে কোস্টগার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানকালে কয়েকটি মুদি দোকানে অনুমোদনহীন ওষুধ, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন, সন্দেহজনক ব্যান্ডরোলসহ অবৈধ বাজারজাতকারী বিড়ি পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। অভিযানে কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, “ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আইন ও সরকারি বিধি-বিধান মেনে চলতে হবে। ভোক্তাদের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনুমোদনহীন ওষুধ, নিষিদ্ধ পলিথিন কিংবা অন্য কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের এসব বিষয়ে সচেতন ও সতর্ক করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
