লালমোহনে ৩৮ বছর ধরে সুসংবাদ- দুঃসংবাদসহ সকল ধরনের প্রচার করে যাচ্ছেন প্রচারক মোস্তফা
লালমোহনে ৩৮ বছর ধরে সুসংবাদ- দুঃসংবাদসহ সকল ধরনের প্রচার করে যাচ্ছেন প্রচারক মোস্তফা

লালমোহন প্রতিনিধি: একটি মাইক্রোফোন আর সুমধুর কণ্ঠ; এতেই জীবনের ৩৮টি বছর কাটিয়ে দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান (৫৮)। এলাকায় তিনি পরিচিত ‘প্রচার মোস্তফা’ নামে। জন্ম-মৃত্যুর সংবাদ, সিনেমার বিজ্ঞাপন, দোকান ও শোরুম উদ্বোধন, হারানো বিজ্ঞপ্তি, নির্বাচনী প্রচারণা, ওয়াজ মাহফিল কিংবা খেলাধুলার আয়োজন; সবখানের সব খবর শহর থেকে গ্রামে পৌঁছায় তার কণ্ঠে। মানুষের আনন্দ-বেদনার নানা খবর মাইকে প্রচার করেই চলে তার সংসার। বয়সের ভারে শরীর কিছুটা ক্লান্ত হলেও থেমে নেই তার প্রচারের কাজ। মোস্তাফিজুর রহমান লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নয়ানিগ্রামের খলিল মাস্টার বাড়ির বাসিন্দা। সংসারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে বর্তমানে ইন্টারমিডিয়েটে পড়ছে। মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলেও কণ্ঠ ও উপস্থাপনার দক্ষতাই তাকে এলাকায় ব্যাপক পরিচিত করে তুলেছে।
মোস্তাফিজুর রহমান জানান, প্রায় ৩৮ বছর আগে ঢাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি প্রকল্পে চাকরি করতেন তিনি। থাকতেন মহাখালীর আমতলী এলাকায়। ১৯৮৬ সালের দিকে একদিন রিকশায় মাইক লাগিয়ে একজনকে নির্বাচনী প্রচার করতে দেখেন। তার উপস্থাপনা ভালো না লাগায় শখের বশে নিজেই মাইক্রোফোন হাতে নিয়ে প্রচার শুরু করেন। সেই থেকেই শুরু হয় তার প্রচার জগতের পথচলা। এরপর লালমোহনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) নির্বাচনে করলে তিনি ঢাকা থেকে ফিরে আসেন। মেজর হাফিজের নির্বাচনী প্রচারের জন্য কেনা দুটি মাইকের একটি নিয়ে রিকশায় করে প্রচার শুরু করেন তিনি। ওই নির্বাচনের প্রচারণার মাধ্যমে তার লালমোহনে প্রচারক হিসেবে পরিচিতি বাড়তে থাকে।
তিনি বলেন, এরপর দৈনিক ২০ টাকা বেতনে লালমোহন বিনোদন সিনেমা হলে কাজ শুরু করেন। পর্যায়ক্রমে ভোলার অবসর, চরফ্যাশনের সাগরিকা ও লালমোহনের লালমনি সিনেমা হলেও প্রচার চালিয়েছেন। তবে তৎকালীন লালমোহন মোল্লা জামে মসজিদের পেশ ইমাম মোজাম্মেল হুজুরের পরামর্শে সিনেমার প্রচার ছেড়ে ভালো ও কল্যাণকর বিষয়ের প্রচারণায় মনোযোগী হন। এরপর শুরুতে ঘণ্টাপ্রতি আট টাকা রিকশাভাড়া ও ৬০ টাকা মাইকভাড়া নিয়ে স্বাধীনভাবে প্রচার চালাতেন। ১৯৯৭ সাল থেকে নিজের কেনা মাইক দিয়ে ভাড়ার রিকশায় প্রচার শুরু করেন। বর্তমানে নিজের কেনা অটোরিকশা ও মাইক দিয়ে কাজ করছেন তিনি। এ পেশা থেকে মাসে গড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় হয় তার।
তবে দীর্ঘ এই পথচলায় বিএনপি মতাদর্শের হওয়ায় রাজনৈতিক কারণে নানা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন বলেও জানান মোস্তফা। মেজর হাফিজের অনুসারী হওয়ায় অন্য দলের প্রচারণা না করায় ছয়বার কারাভোগ করতে হয়েছে তাকে। ২০১৬ সালে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রচার না করায় পৌরশহরের সাবেক বাদশা মিয়া একাডেমি সংলগ্ন এলাকার একটি দোকানের ভেতরে তাকে ব্যাপক মারধর করা হয়। পরে স্বজনরা ঢাকায় নিয়ে তাকে চিকিৎসা করান। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে আবারও জীবিকার তাগিদে প্রচারের কাজে ফিরেন তিনি।
মোস্তফার ভাষ্য, শারীরিকভাবে সুস্থ হলেও সেই নির্যাতনের স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়। বর্তমানে মানুষের নানা কথা তাকে বিব্রত করে এবং কষ্ট দেয়। বিশেষ করে রাত গভীর হলে অতীতের নির্যাতনের কথা মনে পড়ে তার। তখন একা একা কেঁদে নিজেকেই সান্ত্বনা দেন। জীবনের শেষ পর্যায়ে এসে খুব বেশি চাওয়া-পাওয়া নেই বলেও জানান মোস্তাফিজুর রহমান।
আক্ষেপ নিয়ে তিনি বলেন, তার সম্পদ বলতে নিজের ঘরভিটাটুকুই রয়েছে। জীবনের বাকি সময়টুকু তার একটাই প্রত্যাশা; বর্তমান সংসদের স্পিকার ও তার প্রিয় নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ যেন তার ছেলেকে যোগ্যতা অনুযায়ী একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেন। ছেলের কর্মসংস্থান নিশ্চিত হলে জীবনের শেষ চাওয়াটুকুও পূর্ণ হবে বলে জানান তিনি।
