সর্বশেষঃ

লালমোহনে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলায় এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীনগর বাজার সংলগ্ন অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সড়ক অবরোধের ফলে লালমোহন-নাজিরপুর সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
এ সময় বক্তারা বলেন, প্রধান শিক্ষক আকবর হোসেন স্বাক্ষর জালিয়াতি করে টিউশন ফি আত্মসাৎ, কম্পিউটার ল্যাবের বরাদ্দের টাকা আত্মসাৎ এবং নিয়োগ বাণিজ্যসহ বিদ্যালয়ে অসংখ্য অনিয়ম-দুর্নীতি করেছেন। এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে তার অপসারণ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বক্তারা। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন তারা।
এ সময় বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) শাখা বিএনপির সভাপতি মারুফ হাওলাদার, অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক আহ্বায়ক আবুল খায়েরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে, খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষক মো. আকবর হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার এ আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে মুঠোফোনে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেন জানান, যেসব অভিযোগ তোলা হয়েছে সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নিয়োগকে কেন্দ্র করে অনেকদিন পর্য়ন্ত এলাকার একটি চক্র সমস্যা সৃষ্টি করতেছে। কমিটির সভাপতি নিয়োগের জন্য স্থানীয় দুই পক্ষ অনেকদিন ধরে সমস্যা করছে আর দায় চাপাচ্ছে আমার উপর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।