ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় ‘স্টপ দ্য স্টিগমা’ শিক্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিদ্যুৎ সাশ্রয়ে ভোলায় শপিংমল-মার্কেট বন্ধের নতুন সময়, চলছে মাইকিং

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট ২০২৬ থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
সরকারি সিদ্ধান্তের বিষয়টি জনসাধারণকে অবহিত করতে ভোলার বিভিন্ন জনবহুল এলাকায় মাইকিং করছে জেলা তথ্য অফিস।
নির্দেশনায় বলা হয়েছে, শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
এ সময়সীমা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে। তবে কাঁচাবাজার, খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আব্দুর রহিম নূরনবী জানান, সরকারের এ সিদ্ধান্ত সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অবহিত করতে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় মাইকিং করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ বিভাগের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে জেলা তথ্য অফিস।
