কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউস সফর করলেন বাংলাদেশের সাংবাদিকদের প্রতিনিধি দল
ভোলায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্তে পুলিশ

ভোলার বোরহানউদ্দিনে মরহুম বাচ্চু মিয়ার বাড়িতে গভীর রাতে ঢুকে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা এক ইমামকে বেঁধে রেখে দুই ব্যক্তিকে মারধর করা হয় বলে ভুক্তভোগী পরিবারের দাবি। পরে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মরহুম বাচ্চু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের অভিযোগ, একদল দুর্বৃত্ত রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে প্রথমে সেখানে থাকা ইমাম খায়রুর ইসলামকে আটক করে বেঁধে রাখে। পরে আশিক ও রাজিব চৌধুরীকে মারধর করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী রাজিব চৌধুরীর দাবি, দুর্বৃত্তরা তার দুটি চেইন, দুই জোড়া কানের দুল, দুটি আংটি, এক জোড়া রুপার নুপুর এবং নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে।
ইমাম খায়রুর ইসলাম ইন্দ্র নারায়ণপুর এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি ওই বাড়িতে থাকতেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় দুই ব্যক্তিকে সন্দেহ করছেন ভুক্তভোগীরা। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। পরিবারের দাবি, ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হলে তাদের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে পরিবারটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
