মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
জমি বিরোধে ভোলায় সাজানো মামলার অভিযোগ, মহিলা ওয়ার্ডে চিকিৎসা নিয়ে নতুন বিতর্ক

ভোলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা আলী হোসেনের (৭০) বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ তুলেছেন তাঁর ভাতিজা আব্দুল জলিল (৫৫) ও তাঁর পরিবার।
দীর্ঘদিন ধরে চলতে থাকা এই বিরোধে চাঁদাবাজির মামলা ছাড়াও প্রায় দুই একর জমি দখল এবং তিন লাখ টাকা চাঁদা দাবির পাল্টাপাল্টি অভিযোগে জটিলতা আরও বেড়েছে।
আব্দুল জলিলের পরিবারের দাবি, জমিজমা হাতাতে তাঁদের পুরো পরিবারকে—বাবা, চাচা ও ভাইদের—মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়িয়ে চরম মানসিক ও সামাজিক চাপের মধ্যে রাখা হয়েছে।
এদিকে, প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আলী হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পুরুষদের সার্জারি ওয়ার্ডে ভর্তি থাকা সত্ত্বেও স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি মহিলা ওয়ার্ডে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা যাচাইয়ে সাংবাদিকরা হাসপাতালে গিয়ে আলী হোসেনের মুখোমুখি হলে তিনি প্রশ্নের জবাবে অসঙ্গতিপূর্ণ ও অস্পষ্ট বক্তব্য দেন। মহিলা ওয়ার্ডে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বিব্রত বোধ করেন এবং কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। তিনি মারধরের ঘটনায় ভর্তি হলেও তাকে কোথায় মেরেছে, কারা মেরেছে তার সঠিক উত্তর দিতে পারেনি।
আব্দুল জলিলের ছেলে আজাদ বলেন, “জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের, কিন্তু মিথ্যা মামলা দিয়ে আমাদের এভাবে ক্রমাগত হয়রানি করা হচ্ছে কেন তা আমরা বুঝতে পারছি না।”
আইনি হয়রানি, জমি দখল ও হাসপাতালে নাটকীয় অবস্থানের ঘটনায় কন্দপুর এলাকায় চাচা-ভাতিজার বিরোধ এখন চরমে পৌঁছেছে।
এ ঘটনায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান দাবী করেছে ভুক্তভোগী পরিবার।
