সর্বশেষঃ

ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

মোঃ সামিরুজ্জামান, সিনিয়ার স্টাফ রিপোর্টার
ভোলায় তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে টেকসই প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে মাস্টার ক্রাফ্টসপার্সনদের (MCP) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় জিজেইউএস Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, শিক্ষানবিশি মডেল, আর্থিক সহায়তা এবং স্থানীয়ভাবে স্থায়ী লার্নিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক ও RAISE প্রকল্পের ফোকাল পারসন মো. জাহিদুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর সারমিন আক্তার, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার পংকজ সরকার এবং অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস কর্মকর্তা মো. খোকন মিয়াসহ সংশ্লিষ্টরা।
RAISE প্রকল্পের আওতায় চার ও ছয় মাস মেয়াদি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চার মাসের প্রশিক্ষণের মধ্যে রয়েছে বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন, বিউটিফিকেশন অ্যান্ড ওয়েলনেস, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ফ্যাশন গার্মেন্টস, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, মোবাইল ফোন সার্ভিসিং, প্লাম্বিং ও পাইপ ফিটিং, টাইলস ও মার্বেল ফিটিংস, এমব্রয়ডারি ও হ্যান্ডিক্রাফটস, সুইং মেশিন অপারেশন, পেইন্টিং ফর কনস্ট্রাকশন এবং সেলস প্রফেশনাল।
ছয় মাস মেয়াদি কোর্সের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেশন অ্যান্ড ইনস্টলেশন, কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, অটো মেকানিক্স, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, স্মল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটাল ওয়ার্কস এবং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, লার্নিং সেন্টারগুলো প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও চালু রাখার উদ্যোগ রয়েছে। এসব কেন্দ্রে স্থানীয় তরুণরা নিজস্ব অর্থায়নে কারিগরি ও ব্যবসায়িক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। কেন্দ্র স্থাপনে MCP-দের নির্ধারিত বিনিয়োগের অন্তত ২০ শতাংশ নিজস্ব তহবিল থেকে দেওয়ার বিধান রাখা হয়েছে।
প্রশিক্ষণকেন্দ্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং শিশুশ্রমমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্থানীয় শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে দক্ষ তরুণ তৈরি করা গেলে কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা তৈরির সুযোগও বাড়বে। একই সঙ্গে স্থানীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে উঠলে প্রকল্পনির্ভর প্রশিক্ষণের বাইরে দীর্ঘমেয়াদে দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হবে।
জিজেইউএস আওতায় RAISE প্রকল্পের কার্যক্রম ভোলা সদর ও বরিশাল সদর এলাকায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।